আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীকে পাঠানো এক বার্তায় দেশটির সংসদ স্পিকার জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ হিসেবে আলোচনাকে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে লিখেছেন, সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করতে পেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি এবং যদি শত্রু বাড়াবাড়ি করে, আমাদের হাত বন্দুকের ট্রিগারেই রয়েছে -তাকে কঠোর জবাবের সম্মুখীন হতে হবে।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতাকে পাঠানো বার্তায় ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, আমরা আপনার জ্ঞানগর্ভ ও প্রজ্ঞাপূর্ণ বার্তার জন্য কৃতজ্ঞ।
এই বার্তাটি ছিল একটি পথনির্দেশিকা, যা আগের চেয়েও সুস্পষ্ট করে দিয়েছে যে, এই সমঝোতা স্মারকটি চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে আমরা সেই কঠিন ও আঁকাবাঁকা পথের সূচনা করেছি, যে পথে বিশ্বাসঘাতক শত্রুর কাছ থেকে আমাদের অবশ্যই ইরানি জনগণের অধিকার ও প্রতিরোধকে পুনরুদ্ধার করতে হবে।
আমরা মহামান্যের এই আদেশগুলোকে আমাদের লক্ষ্য হিসেবে গ্রহণ করছি এবং অপর পক্ষকে প্রতিশ্রুতি ভঙ্গ ও বলপ্রয়োগের মাধ্যমে ইরানি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার লঙ্ঘিত হতে দেব না।
হুসাইনি মাযহাবের শিক্ষা এবং আমাদের শহীদ ইমামের (আলী খামেনেয়ী) জীবনের উপর ভিত্তি করে আমি বিশ্বাস করি যে, এক আল্লাহতে বিশ্বাসী ফ্রন্ট কখনোই একটি ভুয়া ফ্রন্টের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না এবং ভুয়া ফ্রন্টের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য, আর এই পথে আমরা আলোচনাকে প্রতিরোধের সংগ্রামের অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচনা করি।
এই সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য আমাদের নিশ্চয়তা এর ধারাগুলো নয়, বরং আমাদের জীবন, যা আমরা উৎসর্গ করেছি, এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেই শক্তি, যার আঘাত ও দৃঢ়সংকল্প সাম্প্রতিক যুদ্ধে আমেরিকান-জায়নবাদী শত্রু স্বচক্ষে উপলব্ধি করেছে।
কালিবাফ আরো বলেন, আমাদের কাছে আলোচনা হলো ইরানি জনগণের অধিকার আদায়ের সংগ্রামের পথ এবং এই পথে যদি শত্রু বাড়াবাড়ি করতে চায় তবে আমরা প্রমাণ করেছি যে আমাদের হাত বন্দুকের ট্রিগারে রয়েছে এবং শত্রুকে এমন এক নিষ্পেষণকারী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা নেই, যার স্বাদ সে সাম্প্রতিক যুদ্ধে পেয়েছে। পরিশেষে, আলোচনার এই বিপজ্জনক ও জটিল পথ অব্যাহত রাখার পদ্ধতি স্পষ্ট করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।
Your Comment